ডাকসু নির্বাচনে নিয়ম ভাঙায় ক্ষোভ
ডাকসু নির্বাচনে নিয়ম ভাঙায় ক্ষোভ

ডাকসু নির্বাচনে নিয়ম ভাঙায় ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস নিয়ে অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন।

তবে এই আনন্দঘন পরিবেশের মাঝেই অভিযোগ উঠেছে নির্বাচন আচরণবিধি ভঙ্গের। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা ছিল—কোনো প্রার্থী বা সমর্থক ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা চালাতে পারবেন না। এমনকি ভোটগ্রহণের দুদিন আগে থেকেই (৭ সেপ্টেম্বর) সব ধরনের প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভোটের দিন সকাল থেকে দেখা যায়, অনেক প্রার্থী ও তাদের কর্মীরা কেন্দ্রের গেটের কাছেই দাঁড়িয়ে থেকে লিফলেট বিলি করছেন, কার্ড তুলে দিচ্ছেন এবং সরাসরি ভোট চাইছেন।

শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল, উদয়ন স্কুলসহ একাধিক ভোটকেন্দ্রে একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। কেন্দ্রের প্রবেশমুখে ভিড় জমে শিক্ষার্থীদের স্বাভাবিক প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ প্রচারণার চাপে বিরক্তি প্রকাশ করেছেন।

রাহাত সিকদার নামে একজন সদস্যপদপ্রার্থী বলেন, “এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা সবাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই। কিন্তু যারা নিয়ম ভঙ্গ করছেন, তারা সেই পরিবেশ নষ্ট করছেন।”

একজন ভোটার রাইয়ান অভিযোগ করে বলেন, “নিয়ম শৃঙ্খলার কোনো তোয়াক্কা করছে না প্রার্থীরা। সকাল থেকেই লিফলেট নিয়ে ব্যস্ত। অনেকে তো লাইনের কাছেই টেবিল বসিয়ে বসে ভোট চাইছে। এতে লাইনে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রাঙ্গণেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। হাজী মুহম্মদ মুহসিন হলের সামনে ভোটকেন্দ্রে প্রার্থীদের ভিড় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। তিনি বলেন, “এমনটা কাম্য নয়। আমি নির্বাচন কমিশনকে অবহিত করছি, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, “কোনোভাবেই প্রার্থীরা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে অবস্থান করতে পারবেন না। নিয়ম অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রচারণা ভঙ্গের অভিযোগ থাকলেও, সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখনো উৎসবমুখর বলে জানিয়েছেন অনেক শিক্ষক-শিক্ষার্থী। তারা আশা করছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এবারের ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ২৮টি পদে, যেখানে মোট প্রার্থী ৪৭১ জন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে অনুষ্ঠিত হচ্ছে হল সংসদ নির্বাচন। প্রতিটি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

ভোটদানের প্রক্রিয়াও এবারের নির্বাচনে তুলনামূলক জটিল। একজন ভোটারকে ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট এবং হল সংসদের জন্য একটি ব্যালটসহ মোট ছয় পাতার ব্যালটে ভোট দিতে হচ্ছে। অর্থাৎ, একজন ভোটারকে মোট ৪১টি ভোট প্রদান করতে হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ অপেক্ষা ও একাধিক ব্যালটপত্র পূরণের কারণে ভোটদানের সময় বেড়ে যাচ্ছে।

ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে গণনার কাজ। শিক্ষার্থী, শিক্ষক এবং প্রার্থীরা সবাই চাইছেন, দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত এই নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ফলাফল যেন পাওয়া যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *