প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বৈঠকে অগ্রগতি নেই
প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বৈঠকে অগ্রগতি নেই

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বৈঠকে অগ্রগতি নেই; বৃহস্পতিবার পুনরায় অংশীজনদের সঙ্গে বৈঠক

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে হওয়া বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য প্রকৌশলীদের সঙ্গেও আলোচনা অনুষ্ঠিত হবে।

রাজধানীর রেলভবনে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে অংশ নেন। প্রায় এক ঘণ্টা দীর্ঘ এই আলোচনায় কোনো কার্যকর সমাধান বের হয়নি।

বৈঠক শেষে ফাওজুল কবির সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে যে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, তাদের মধ্যে পাঁচজন বৈঠকে অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আবারও বৈঠক হবে। তিনি আরও বলেন, স্থায়ী সমাধান বের করতে শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াও শিক্ষক ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের মতামত নেওয়া হবে।

শিক্ষার্থীদের যমুনার দিকে অগ্রসর হওয়ার ঘটনাকে ‘অনভিপ্রেত’ উল্লেখ করে ফাওজুল কবির দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে এ ঘটনার জন্য ক্ষমা চাওয়া হবে।

অন্যদিকে, শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা বৈঠকের বিষয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।


আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের ওপর হামলার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।

২. সরকারি প্রজ্ঞাপনে ঘোষিত বর্তমান কমিটিকে শিক্ষার্থীরা অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। দ্রুত বিশ্ববিদ্যালয় শিক্ষক ও প্রকৌশলী আন্দোলনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের উপস্থাপিত তিন দফা দাবি নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে।

৩. আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। পাশাপাশি চলমান আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে কোনো হামলা চালানো যাবে না।

৪. রোকনুজ্জামানের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

৫. শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ী ঢাকা মহানগর পুলিশের ডিসি মাসুদকে তার পদ থেকে অপসারণ করতে হবে।


প্রেক্ষাপট

সম্প্রতি ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ নামে একটি প্ল্যাটফর্ম থেকে তিন দফা দাবি উত্থাপন করে আন্দোলন শুরু করেন প্রকৌশল শিক্ষার্থীরা। দাবিগুলো হলো—

১. নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করতে হবে এবং প্রার্থীর অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কোনো কোটা বা নতুন সমমানের পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমা ও বিএসসি—দু’ধরনের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের সমান সুযোগ দিয়ে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে।

৩. যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী নন, অথচ নিজেদের প্রকৌশলী হিসেবে পরিচয় দেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

ধীরে ধীরে এই আন্দোলন বিস্তৃত হয়ে যায় এবং বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। বুধবার (২৭ আগস্ট) রাজধানীতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির সময় শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে অগ্রসর হলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

 

 

 

 

শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের মিছিল

1 Comment

  1. Very insightful article—learned a lot in just a few
    minutes. Great site too!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *